তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কত হতে যাচ্ছে—এখনই জানা যাচ্ছে না সেই অঙ্ক। তবে মজুরি নির্ধারণের গুরুত্বপূর্ণ ধাপে এসে মালিকপক্ষ তাদের লিখিত প্রস্তাব জমা দিয়েছে। আর সেই প্রস্তাবকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে শ্রমিকপক্ষ। ফলে মালিক-শ্রমিকের পালটাপালটি যুক্তির মধ্যেই এগোচ্ছে নতুন মজুরি নির্ধারণের প্রক্রিয়া।
সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। এর আগে দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব দিয়েছিল। তবে দুই পক্ষই একে অপরের প্রস্তাবকে যথাযথ মনে করেনি। তাই এবার উভয় পক্ষই সংশোধিত প্রস্তাব দেবে। এরপর আলোচনা ও বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছাবে মজুরি বোর্ড। তবে মালিকপক্ষ ঠিক কত টাকা ন্যূনতম মজুরি চেয়েছে, তা এখনই প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে ছড়িয়ে পড়া অঙ্ককে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না। বোর্ড আনুষ্ঠানিকভাবে যে তথ্য জানাবে, সেটিই গ্রহণ করতে হবে।
মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, বাজারদর, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি কারখানার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন শিল্পাঞ্চল পরিদর্শন করে সংগ্রহ করা তথ্যও বোর্ডের আলোচনায় এসেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেছেন, মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই এবং এটি অযৌক্তিক ও অপর্যাপ্ত। তবে তিনি জানান, এটিই চূড়ান্ত প্রস্তাব নয়। আলোচনার স্বার্থে শ্রমিকপক্ষও তাদের দাবির পরিমাণ পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেবে।
এরই মধ্যে সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষও নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সোমবার অন্তত ৬০টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, ৩৩টিতে সাধারণ ছুটি এবং পাঁচটিতে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থেকেও উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন। সকালে নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পালটাধাওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে তিন নারী শ্রমিক আহত হন।
এদিকে শ্রমিক সংগঠনগুলো মালিকপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করে জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে। তাদের বক্তব্য, বর্তমান বাজারদর, বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত ও পরিবারের মৌলিক ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে। সব মিলিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করছে মজুরি বোর্ড। চেয়ারম্যান জানিয়েছেন, চতুর্থ সভা মঙ্গলবারই হতে পারে। তবে চূড়ান্ত সুপারিশের পর গেজেট প্রকাশের আগে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে মতামত ও আপত্তি জানানোর জন্য ১৪ দিনের সময় দিতে হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন