নোয়াখালীর স্বর্ণদ্বীপে আজ বসছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই মহড়ার চূড়ান্ত অনুশীলন সরাসরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখবেন। পাশাপাশি মহড়াস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিশেষ এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে আয়োজিত এই অনুশীলনকে তাই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে জাহাইজ্জার চর নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। গত এক যুগের বেশি সময়ে স্বর্ণদ্বীপে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে।
তবে এবারই প্রথম একই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। আর এই বিশেষ মহড়ার চূড়ান্ত অনুশীলন সরাসরি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন