বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হতে এখন থেকে শুধু স্থানীয় প্রভাব বা পরিচিতিই যথেষ্ট হবে না। নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান থাকলে এই যোগ্যতা শিথিল করতে পারবে সরকার। সোমবার এ বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকাসহ দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠনে এ নির্দেশনা কার্যকর হবে।
নতুন নিয়ম অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য প্রতিষ্ঠানের প্রধানকে তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠাতে হবে। মহানগর এলাকায় এ প্রস্তাব যাবে বিভাগীয় কমিশনারের মাধ্যমে। আর অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রস্তাব পাঠাতে হবে। সভাপতি হওয়ার জন্য প্রস্তাবিত ব্যক্তিদের মধ্যে থাকতে পারবেন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনয়ন দেবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
অন্যদিকে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের নিয়ম কিছুটা ভিন্ন। কমিটির সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচন করা হবে। তবে নির্বাচিত ব্যক্তিকে অবশ্যই নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হবে। নির্বাচিত সদস্যদের মধ্য থেকেও সভাপতি করা যাবে, আবার গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য নির্ধারিত শ্রেণির ব্যক্তিদের মধ্য থেকেও নির্বাচন করা যাবে। নতুন পরিপত্রে কমিটিতে নারী প্রতিনিধিত্বও বাধ্যতামূলক করা হয়েছে। পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও এডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিতে হবে। এই তিনজনের মধ্যে অন্তত একজন নারী প্রতিনিধি থাকতে হবে।
এ ছাড়া কমিটি গঠনের অন্যান্য বিষয়ে ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি-সংক্রান্ত প্রবিধানমালার নির্দেশনা অনুসরণ করতে হবে। এর আগে চলতি বছরের ১০ মার্চ সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক পাসের শর্ত বাতিলের পরিকল্পনা করেছিল সরকার। বিষয়টি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা হয়। এরপর নতুন পরিপত্রে আবারও স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতাকে মূল শর্ত হিসেবে নির্ধারণ করা হলো।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন