জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর সমন্বয় কমিটি থেকে পদত্যাগ করেছেন পরিমল চন্দ্র ওঁরাও নামের এক সদস্য। আগামী জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। নওগাঁ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সোমবার দিবাগত রাতে এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বেও আলীর কাছে কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগ পত্রে পরিমল চন্দ্র ওঁরাও লিখেছেন, ‘সম্প্রতি ব্যক্তিগত জীবনে কিছু নতুন দায়িত্ব ও উদ্যোগের কারণে আমার সময় ও মনোযোগ সম্পূর্ণভাবে সেদিকে দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে দলের কাজের প্রতি আগের মতো সম্পূর্ণভাবে মনোনিবেশ করা সম্ভব হচ্ছে না, যা দলের প্রতি অন্যায় হবে বলে মনে করি।’
পরিমল চন্দ্র ওঁরাও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাবেক সদস্য। নওগাঁর মহাদেবপুর উপজেলায় তাঁর বাড়ি।
তবে লেখা-পড়ার সুবাদে তিনি রাজশাহী শহরে থাকতেন। ফলে এনসিপির মহানগর সমন্বয় কমিটিতে সদস্য পদ পেয়েছিলেন। রাজশাহীর রাজনীতি ছেড়ে তিনি এখন নওগাঁয় রাজনীতি করতে চান।
পরিমল চন্দ্র ওঁরাও বলেন, ‘আমি নওগাঁ-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।
তাই এনসিপি থেকে পদত্যাগ করেছি। আমি এনসিপিতে থাকব না।’
এনসিপির রাজশাহী মহানগর সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলী তার পদত্যাগপত্রটি পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘এ বিষয়ে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন