দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। একই দিন ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এ দু'টি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজউকের আইন অমান্য করেছেন।
দুদকের অভিযোগ, শেখ হাসিনা যে প্লটটি দুর্নীতি করে নিয়েছেন সেটি ঢাকার পূর্বাচলে। কূটনৈতিক জোনের ২৭ নম্বর সেক্টরে ২০৩ নম্বর সড়কে। প্লট নম্বর ৯। রাজউক অন্যদের বেলায় ঢাকঢোল পিটিয়ে বরাদ্দ দিলেও সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রে কাজটি হয়েছে বেশ গোপনে ২০২২ সালে।
২০২৪ এর ৫ আগস্টের পর গোপন অনেক কিছুর মতো এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে। প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন। পূর্বাচলের ১০ কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে।
দুদকের আইনজীবী খান মোহাম্মদ মাইনুল হাসান লিপন জানান, রাজউক বিধিমালা অনুযায়ী, কারও নামে রাজউক বা অন্যকোনো সরকারি আবাসনে প্লট বরাদ্দ থাকলে তিনি দ্বিতীয়বার প্লট নিতে আবেদনই করতে পারবেন না। কিন্ত শেখ হাসিনা স্বামীর নামে থাকা ধানমন্ডির সুধাসদনে প্লট থাকলেও হলফনামায় তা উল্লেখ করেননি। কেবল নিজের নামে প্লট না থাকার কথা উল্লেখ করেছেন।
আইনজীবী বলেন, স্বামী মারা যাওয়ায় শেখ হাসিনা সেই প্লটের মালিক হয়েছে। ফলে আবেদনে রাজউকের আইন অমান্য করেছেন।
প্লট দুর্নীতি মামলার বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালতে। বৃহস্পতিবারের রায় ঘিরে আশাবাদি দুদক আইনজীবী। তিনি বললেন, বিধি মেনে নির্দিষ্ট সময়সীমায় আবেদনই করেননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দপ্তরসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় কর্মকর্তাদের প্রভাবিত করেই নিয়েছেন প্লট। বরাদ্দ দেয়ার কাজে অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণ করেন গূণপূর্তের সিনিয়র সচিব পুরবী গোলদার ও কাজী ওয়াসিসহ অনেকে।
শুধু শেখ হাসিনা নন। পূর্বাচলে একসঙ্গে মোট ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা। বৃহস্পতিবার সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদের প্লট মামলার রায়ও ঘোষণা হবে আদালতে। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। এছাড়া শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের প্লট দুর্নীতি মামলার রায় দেয়া হবে আগামী এক ডিসেম্বর।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন