প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। সোমবার (১৩ এপ্রিল) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং টেলিনর গ্রুপের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তথ্য ও প্রযুক্তি খাতের বিকাশে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলেও তিনি জানান।
টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে সেবার মান আরও উন্নত করা এবং ভবিষ্যতে ৫জি প্রযুক্তি বিস্তারে কাজ করতে তারা আগ্রহী। সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন