উন্নত চিকিৎসা ও নিবিড় ফিজিওথেরাপির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয় বলে জানা গেছে। বুধবার বিকেলে তার একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
চিকিৎসকদের বরাতে তার সচিব জানান, বর্তমানে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হলেও সম্পূর্ণ সুস্থতার জন্য নিয়মিত ও নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় প্রদান করা হচ্ছে। তার দ্রুত আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি জ্ঞান হারান। এরপর প্রাথমিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।
রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মির্জা আব্বাস গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন