রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণ ও পর্যালোচনার ভিত্তিতে এ লাইসেন্স প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে এই লাইসেন্স এবং সংশ্লিষ্ট অনুমোদন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর চেয়ারম্যান ড. এম মঈনুল ইসলামের কাছে হস্তান্তর করেন। এই লাইসেন্স পাওয়ার মাধ্যমে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। জানা গেছে, কেন্দ্রটির প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এপ্রিলের শেষ সপ্তাহে হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, জ্বালানি লোডিং শুরু হওয়ার অন্তত তিন মাসের মধ্যে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরপর ধাপে ধাপে পরীক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি শেষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই অগ্রগতি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল জ্বালানি লোডিং শুরুর কথা থাকলেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার সমস্যার কারণে তা স্থগিত করা হয়। পরে উচ্চপর্যায়ের পর্যালোচনায় সন্তোষজনক অগ্রগতি পাওয়ায় লাইসেন্স প্রদান করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহিদুল হাসান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করেই জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন