দেশের জ্বালানি চাহিদা স্বাভাবিক রাখতে একসঙ্গে পাঁচটি জ্বালানিবাহী জাহাজে প্রায় ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে সরবরাহ। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে এর মধ্যে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, দুটি জাহাজ থেকে ডিজেল খালাস শুরু হয়েছে।
জাহাজ দুটির মধ্যে রয়েছে ‘এমটি ওকট্রি’, যাতে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’, যাতে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল আনা হয়েছে। এছাড়া বহির্নোঙরে অবস্থান করছে আরও তিনটি জ্বালানিবাহী জাহাজ। এর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’-তে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’-তে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি নাভে সিয়েলো’-তে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন রয়েছে।
বন্দর সূত্র জানায়, দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ডলফিন জেটিতে খালাস কার্যক্রম দ্রুত গতিতে পরিচালনা করা হচ্ছে। একই সময়ে আরও তিনটি জাহাজ বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে। কর্তৃপক্ষ আশা করছে, এই বড় চালান দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন