জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবের পরিপ্রেক্ষিতে গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ বৃহস্পতিবার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বুধবার সচিবালয়ে যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। জ্বালানি তেলের দাম বাড়ার পরপরই পরিবহন মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির চাপ বাড়ে। তবে এখনো সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও দেশের বিভিন্ন এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটছে।
এ পরিস্থিতিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সংশ্লিষ্টদের সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়েছে। বর্তমানে দেশের দূরপাল্লার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা নির্ধারিত রয়েছে।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্র জানায়, ভাড়া নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা বাড়ানোর প্রাথমিক সুপারিশ করেছে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত বৈঠকের পর এ হার আরও পরিবর্তিত হতে পারে বলে জানা গেছে। সরকারি সিদ্ধান্তের পর নতুন ভাড়ার হার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন