দেশে জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে প্রয়োজনে সংসদ ও রাজপথ একাকার হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে এক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যাওয়া থেকে বিরত রাখা হলেও রাজপথে তাকে থামানো সম্ভব নয়। তিনি জানান, সংসদে তারা জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের কথা বলছেন, আর রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট নেতারা। প্রয়োজনে এই দুই ক্ষেত্র এক হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, দেশের মানুষ বর্তমানে নানা সংকটে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি দাবি করেন, বিরোধীদল দায়িত্বশীল ভূমিকা পালন করে সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছে। তবে সরকার বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের চেষ্টা করা হচ্ছে এবং বিচারব্যবস্থার ওপর প্রভাব বিস্তারের অভিযোগও তোলেন তিনি। তবে দেশের জনগণ এ ধরনের প্রবণতাকে মেনে নেবে না বলেও মন্তব্য করেন। গণভোটের রায় প্রত্যাখ্যান করা হলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সরকার গণরায় না মানা পর্যন্ত আন্দোলন চলবে। সংখ্যাগরিষ্ঠতা বা ক্ষমতার জোরে সিদ্ধান্ত চাপিয়ে দিলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, যার মধ্যে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এবং এনসিপির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতারা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন