ঢাকাসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৫ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। আগামী পাঁচদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এছাড়া রোববার (২৬ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমবে এবং রাতের তাপমাত্রায়ও সামান্য পরিবর্তন দেখা যেতে পারে।
সূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন