জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দুর্নীতিতে সরাসরি জড়িত না হলেও নৈতিক দায়িত্বে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বুধবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন। স্ট্যাটাসে রাশেদ খান বলেন, সংসদে নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যে দুর্নীতির প্রমাণ চাওয়া হয়েছে। তবে তার দাবি, দায়িত্বে থাকাকালীন সময়ে সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, তদবির বাণিজ্য ও প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
তিনি আরও উল্লেখ করেন, নাহিদ ইসলাম নিজেই অতীতে কিছু উপদেষ্টার ওপর আস্থা হারানোর কথা বলেছিলেন এবং পরে তাদের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এসব ক্ষেত্রে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খান। স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপি গঠনের সময় নাহিদ ইসলাম সরকারি দায়িত্বে থাকলেও রাজনৈতিক দল গঠন করেছেন, যা তার ভাষায় নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। পাশাপাশি বিভিন্ন ধনী ব্যক্তির আর্থিক সহায়তা এবং তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়িক সম্পর্ক নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।
রাশেদ খান আরও বলেন, তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে কাঙ্ক্ষিত সংস্কার হয়নি এবং পরে দায়িত্ব হস্তান্তরের পরও কাঠামোগত পরিবর্তন হয়নি। তার মতে, বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব নেওয়া হলেও তা পূরণ না করেই পদত্যাগ করা হয়েছে। সবশেষে তিনি মন্তব্য করেন, নাহিদ ইসলাম হয়তো সরাসরি দুর্নীতিতে জড়িত নন, তবে নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায় এড়াতে পারেন না।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন