আগামী জুন মাসের মধ্যে মাঠ পর্যায়ে থাকা সব সেনাসদস্যকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। শুরুতে দূরবর্তী জেলা থেকে সেনাসদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলা থেকেও সেনা সদস্যদের প্রত্যাহার করা হবে। পুরো প্রক্রিয়া জুন মাসের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের ধাপে ধাপে সরিয়ে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ চলাকালে সেনা মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে দীর্ঘ সময় তারা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে আসছিল।
মঙ্গলবারের সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এ বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন