দেশে পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে অন্যতম হলো অতিরিক্ত কর্মঘণ্টার জন্য ওভারটাইম ভাতা চালু এবং দীর্ঘদিন কর্মরত সদস্যদের জন্য অনারারি পদোন্নতির সুযোগ প্রদান। রোববার (১০ মে) ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর কল্যাণ সভায় এসব সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জানানো হয়, কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত পুলিশ সদস্যরা অতিরিক্ত দায়িত্ব পালন করলে বিশেষ নীতিমালার আওতায় তাদের ওভারটাইম ভাতা প্রদান করা হবে। দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়নের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। এছাড়া পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কেন্দ্রীয় ও বিভাগীয় হাসপাতাল আধুনিকায়নের পাশাপাশি নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলা হয়েছে, দীর্ঘদিন একই পদে দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া পুলিশ সদস্যদের মনোবল বাড়াতে ‘অনারারি পদোন্নতি’ দেওয়া হবে। সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে উন্নীত করা হবে। পুলিশের আবাসন সংকট মোকাবিলায় নতুন ভবন নির্মাণ এবং ভূমি অধিগ্রহণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।
পুলিশ সদস্যদের জন্য আয়োজিত এবারের পুলিশ সপ্তাহ “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে শুরু হয়ে আগামী ১৩ মে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব ও জনসেবার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘদিনের দাবি ও নতুন সুবিধার ঘোষণা সাধারণ পুলিশ সদস্যদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে জানানো হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন