যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডল্যান্ড শহরে এক বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে পশ্চিম টেক্সাসের এই শহরে এ ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার বন্দুকযুদ্ধের পর সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বলয় তৈরি করা হয়। শহরের মেয়র লরি ব্লং জানান, পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ প্রধান গ্রেগ স্নো বলেন, সকালবেলা ৪৬০০ ব্লক ওয়েস্ট ওয়াল স্ট্রিট এলাকার একটি ভবন থেকে হঠাৎ গুলির শব্দ পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অভিযান শুরু করে এবং আশপাশের মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এরপর কয়েক ঘণ্টা ধরে গোলাগুলির পর হামলাকারীর মৃত্যু হয়। তবে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে নাকি আত্মঘাতী হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে প্রশাসন।
আহতদের মধ্যে ৯ জনকে দ্রুত মিডল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি অস্ত্রোপচার করা হচ্ছে। বাকি আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় সাময়িকভাবে লকডাউন জারি করা হলেও পরে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য অংশের বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তবে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এখনো পর্যন্ত হামলার উদ্দেশ্য বা কারণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি হামলাকারীর পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন