হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত’ পথে চলাচলের চেষ্টা করার সময় পানির নিচে পেতে রাখা মাইনের বিস্ফোরণে দুটি তেলের ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির তথ্য অনুযায়ী, ট্যাংকার দুটির একটি হরমুজ প্রণালির পূর্ব অংশে এবং অপরটি প্রণালির ভেতরে আটকা পড়েছে।
আইআরজিসির বিবৃতিতে দাবি করা হয়, জাহাজ দুটি তাদের নেভিগেশন ও শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এরপর আক্রমণাত্মক ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত মার্কিন সামরিক বাহিনীর সহায়তায় ওই এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাইনের বিস্ফোরণে ট্যাংকার দুটিতে আগুন ধরে যায় এবং সেগুলো আটকা পড়ে। বিবৃতিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ এখনো বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে উত্থাপিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির পরিবর্তন হবে না।
এদিকে, আইআরজিসি সতর্ক করে বলেছে, অননুমোদিত ও মাইন পাতা এলাকায় দিয়ে তেলের ট্যাংকার চলাচল করানোর জন্য মার্কিন সামরিক বাহিনী যেকোনো ধরনের জোরপূর্বক পদক্ষেপ নিলে তা বারবার ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন