কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। পাশাপাশি জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ ঘটনা ঘটে।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছে। এমন তথ্য পাওয়ার পর সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে মানবপাচারকারীরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছুড়তে শুরু করে। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) বাম কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন