আসন্ন এইচএসসি পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য একগুচ্ছ কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার হলে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক নিয়োগ দিতে হবে। পাশাপাশি প্রতিটি কক্ষে ন্যূনতম দুইজন কক্ষ পরিদর্শকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
এছাড়া বেঞ্চের দৈর্ঘ্য অনুযায়ী আসন বিন্যাস নির্ধারণ করা হয়েছে। ৫ থেকে ৬ ফুট দীর্ঘ বেঞ্চে দুইজন এবং ৪ ফুট দীর্ঘ বেঞ্চে একজন পরীক্ষার্থী বসতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়, নিয়মিত (সেশন ২০২৪–২০২৫) পরীক্ষার্থীরা ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। অন্যদিকে অনিয়মিত ও মানোন্নয়ন (সেশন ২০২৩–২০২৪ ও তদূর্ধ্ব) পরীক্ষার্থীরা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা এবং দুপুর ২টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি বা থানা লকারে সংরক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি খামে পরীক্ষার তারিখ, বিষয় কোড এবং সেট কোড উল্লেখ বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার দিন ট্রেজারি থেকে প্রশ্নপত্র ট্যাগ অফিসার ও পুলিশের প্রহরায় কেন্দ্রে নেওয়া হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, মোবাইল ফোনে সেট কোড পাওয়ার পর নির্ধারিত ব্যক্তিদের উপস্থিতিতে প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে এবং অব্যবহৃত প্রশ্নপত্র অক্ষত অবস্থায় বোর্ডে ফেরত পাঠাতে হবে। এছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। পরীক্ষার্থীরা শুধু কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে, অন্য কোনো ঘড়ি বহন করা নিষিদ্ধ থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন