বিচার বিভাগের বিভিন্ন সীমাবদ্ধতা মোকাবিলা করে বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার ঢাকা বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বিচার বিভাগের উন্নয়ন, বিচারকদের কর্মপরিবেশ এবং বিচারসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বিচারকদের দেশ-বিদেশে প্রশিক্ষণ, জেলা আদালতগুলোতে মেডিকেল সেন্টার ও ডে-কেয়ার সেন্টার স্থাপন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর বিচারব্যবস্থা গড়ে তোলার বিষয়েও কাজ চলছে। অনুষ্ঠানে বিভিন্ন জেলার বিচারিক কর্মকর্তারা বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, বাজেট বৃদ্ধি, আদালতের অবকাঠামো উন্নয়ন, রেকর্ড সংরক্ষণ ব্যবস্থা আধুনিকীকরণ, আবাসন সংকট নিরসন এবং নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিচারকদের উত্থাপিত বিভিন্ন দাবির সঙ্গে একমত পোষণ করেন। তিনি বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আর্থিক স্বাধীনতা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা মনে করেন, বিচার বিভাগের সক্ষমতা ও আধুনিকায়ন বাড়ানো গেলে সাধারণ মানুষের জন্য দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করা আরও সহজ হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন