জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজ (১৮ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলন শুরু হবে বেলা সাড়ে ৩টায়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের অর্জন তুলে ধরা হবে। পাশাপাশি সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের গৃহীত ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা। প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য হলো জনগণকে ক্ষমতায়ন করা। সেই লক্ষ্য বাস্তবায়নে গত পাঁচ মাসে নেওয়া পদক্ষেপ, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে দেশবাসীকে অবহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি নতুন মেয়াদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলনকে সরকারের কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে দেখা হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন