জনস্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট কোনো একটি উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। এ জন্য নতুন অর্থনৈতিক কাঠামোর আওতায় একাধিক উৎস থেকে অর্থ সংগ্রহের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়াতে বাস্তবায়িত প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন উন্নয়ন সহযোগীকে পৃথকভাবে সম্পৃক্ত করা হচ্ছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন সরকারি-বেসরকারি অংশীদারত্বভিত্তিক মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে ম্যাক্স ফাউন্ডেশন, ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ ও চট্টগ্রাম ওয়াসার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী ও খালগুলোকে পণ্য পরিবহনের কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতেও সরকারি-বেসরকারি অংশীদারত্বকে কাজে লাগানো হবে।
তিনি আরও বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদে এসব প্রকল্পের কার্যকারিতা ধরে রাখাই সরকারের অন্যতম লক্ষ্য। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত পাইলট প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, উপযুক্ত মডেল অনুসন্ধান এবং তা পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের উপপ্রধান এবং বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। পরে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন