আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার এই ঘোষণা ঘিরে বিশ্বজুড়ে নেমে এসেছে আবেগের আবহ। সোমবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তের কথা জানান মেসি। তিনি বলেন, দীর্ঘ সময় ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারজুড়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। এখন মনে করছেন, জাতীয় দলের জন্য তার আর দেওয়ার মতো কিছু অবশিষ্ট নেই।
মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি এই বিদায়ী বার্তাটি লিখেছিলেন। তবে বাবার মৃত্যুর পর জাতীয় দল ছাড়ার সিদ্ধান্তে তিনি আরও দৃঢ় হন। জাতীয় দলের হয়ে দীর্ঘ পথচলায় মেসির অর্জনের তালিকাও সমৃদ্ধ। ২০২২ বিশ্বকাপ জয় ছাড়াও ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০০৮ অলিম্পিক স্বর্ণপদক রয়েছে তার ঝুলিতে। আর্জেন্টিনার জার্সিতে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পরই জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। বিদায়ী বার্তায় গত ২০ বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই কিংবদন্তি। তরুণদের জন্য জায়গা করে দেওয়ার কথাও উল্লেখ করেছেন মেসি। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবলের একটি দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটল। বার্তার শেষ দিকে আবেগঘন ভাষায় মেসি লেখেন—‘ধন্যবাদ ঈশ্বর, আমাকে আর্জেন্টাইন করার জন্য। ভামোস আর্জেন্টিনা।’ একজন ফুটবলারের বিদায় হলেও, আর্জেন্টিনার জার্সিতে মেসির রেখে যাওয়া স্মৃতি ও অর্জন ফুটবল ইতিহাসে দীর্ঘদিন অমলিন হয়ে থাকবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন