দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল থাকলেও এটিকে আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা এসব বিষয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি। তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে সংখ্যায় কম বা জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। কখনও কখনও এসব ঘটনার পরোক্ষ সমর্থনও দেওয়া হয়েছে। এর ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, বিচারব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা গেলে দেশের বিচারব্যবস্থা আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি মনে করেন। তার ভাষ্য, এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে। সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তন এনে রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে তাদের আত্মার বন্ধন রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের উৎসব ও সংস্কৃতির পারস্পরিক আদান-প্রদান এবং দীর্ঘদিনের সহাবস্থানের মধ্য দিয়েই এই ব-দ্বীপের বহুত্ববাদী সমাজ গড়ে উঠেছে। এই মেলবন্ধন ধরে রাখতে হবে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বাংলাদেশের মানুষ ও জাতীয় নাগরিক পার্টিকে আশীর্বাদে রাখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন