ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে এখনো হলিউডে পেশাগত বাধা ও বঞ্চনার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সারান্ডন। ইতালিতে চলমান ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারণার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী এমন দাবি করেন।
সারান্ডনের ভাষ্য, ফিলিস্তিনের ইতিহাস এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া রাজনৈতিক ও আর্থিক সহায়তার বিষয়ে বিশ্বজুড়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। কিন্তু হলিউডের বড় প্রতিষ্ঠানগুলোতে সেই পরিবর্তনের প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না। তার অভিযোগ, প্রভাবশালী কিছু প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এখনো প্রযোজকদের তাকে সিনেমায় না নেওয়ার বিষয়ে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়ে থাকে। বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে কথা বলা কিংবা ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করা শিল্পীদের কাজ দেওয়ার ক্ষেত্রে বড় স্টুডিওগুলোর অনীহা রয়েছে বলে দাবি করেন তিনি।
সারান্ডন জানান, হলিউডের এমন বিরোধিতার কারণে সাম্প্রতিক সময়ে তার বেশ কয়েকটি সিনেমার কাজ হাতছাড়া হয়েছে। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়া তাকে আশাবাদী করছে বলেও জানান এই অভিনেত্রী। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য পরিচালক আন্দ্রেয়া পাল্লাওরোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। প্রখ্যাত ইতালীয় নির্মাতা বের্নার্দো বের্তোলুচ্চির শেষ চিত্রনাট্যের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় একজন বয়স্ক গায়িকার চরিত্রে অভিনয় করেছেন সারান্ডন।
‘দ্য ইকো চেম্বার’ ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার ‘গোল্ডেন লায়ন’-এর জন্য মনোনীত ২১টি সিনেমার তালিকায় রয়েছে। এর আগে ২০২৩ সালে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর ফিলিস্তিনপন্থী একটি সমাবেশে বক্তব্য দেওয়ার ঘটনায় হলিউডের শীর্ষ প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি’ সারান্ডনের সঙ্গে দীর্ঘদিনের চুক্তি বাতিল করেছিল।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবেও ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পেয়েছে। উৎসবের বেশ কয়েকটি সিনেমায় ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম তুলে ধরা হয়েছে। তবে উৎসবের শৈল্পিক পরিচালক আলবের্তো বারবেরা জানিয়েছেন, ইতালি সরকার এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দেওয়ায় উৎসব প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা ওড়ানো সম্ভব হয়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন