ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আসাদুল হক নামে ৩৮ বছর বয়সী এক বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। শনিবার ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আসাদুল হক বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে। আর আটক দুজন হলেন উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মো. মোস্তাকিম এবং ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, দিনাজপুর ৪২ বিজিবির চান্দেরহাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে বাংলাদেশি চোরাকারবারিদের একটি দলের ওপর বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের চকশিবানন্দ ক্যাম্পের টহল দল গুলি চালায় বলে জানা গেছে। এতে আসাদুল হক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আরও দুই বাংলাদেশিকে আটক করে বিএসএফ।
পরে গুলিবিদ্ধ আসাদুল হককে ভারতের কালিয়াগঞ্জ সাধারণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয় বলে জানা গেছে। বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, বিএসএফের গুলিতে নিহত আসাদুল তার এলাকার বাসিন্দা। ভারতীয় গণমাধ্যমের মাধ্যমে তিনি প্রথম ঘটনাটি জানতে পারেন। পরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বিষয়টি বিজিবিকে জানিয়েছেন।
ঘটনার পর দিনাজপুর ৪২ বিজিবি ভারতের ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করছে। এ ঘটনায় রোববার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন