জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রকাশিত তালিকায় ওই তিন শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬৯ শিক্ষার্থীর নাম রয়েছে। নজরুল বিশ্ববিদ্যালয়ের মনোনীত ১৪ শিক্ষার্থীর মধ্যে ২০১৯ শিক্ষাবর্ষে চারজন, ২০২০ শিক্ষাবর্ষে পাঁচজন এবং ২০২১ শিক্ষাবর্ষে পাঁচজন রয়েছেন।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত চার শিক্ষার্থী হলেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের মনীষা হাজং, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সন্দীপ দেবনাথ, অর্থ ও ব্যাংকিং বিভাগের উম্মে সালমা তমা এবং অর্থনীতি বিভাগের জারমিনা রহমান। ২০২০ শিক্ষাবর্ষে মনোনয়ন পেয়েছেন সংগীত বিভাগের নিশাত নিগার নিশি, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মো. নাজমুল করিম রেজা, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের অন্তু দে, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. মইনুল আলম এবং আইন ও বিচার বিভাগের তানিয়া আক্তার।
এ ছাড়া ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সৈয়দা তাসনিম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মিতু আক্তার, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাবিলা আক্তার মিম, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. আতিকুর রহমান এবং চারুকলা বিভাগের অন্তর পাল। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তালিকা অনুযায়ী, ২০১৯ শিক্ষাবর্ষে ১৭৮ জন, ২০২০ শিক্ষাবর্ষে ১৪১ জন এবং ২০২১ শিক্ষাবর্ষে ১৫০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। তিন শিক্ষাবর্ষ মিলিয়ে মোট মনোনীত শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬৯ জনে।
দীর্ঘ বিরতির পর এবার একসঙ্গে ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০১৮ শিক্ষাবর্ষের প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়েছিল ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং উচ্চশিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার উদ্দেশ্যে এই স্বর্ণপদক প্রদান করা হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২০০৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর এই মনোনয়ন তাদের শিক্ষাজীবনের কৃতিত্বের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ধারাবাহিক একাডেমিক সাফল্যেরও প্রতিফলন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন