সীমান্তপথে পাচারের পর জব্দ করা বিপুল পরিমাণ মাদকের মজুত এবার ধ্বংস করে ফেলেছে বর্ডার গার্ড বাংলাদেশ। খাগড়াছড়ির রামগড়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রোলারের চাপায় ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। বুধবার রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের বাস্কেটবল মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকের মধ্যে ছিল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও নেশাজাতীয় ওষুধ। এর পাশাপাশি বিদেশি সিগারেট এবং দেশীয় চোলাই মদও ধ্বংস করা হয়।
বিজিবি জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়েছিল। গুইমারা সেক্টরের অধীন যামিনীপাড়া ব্যাটালিয়ন, খেদাছড়া ব্যাটালিয়ন ও রামগড় ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করেন। ধ্বংস কার্যক্রমে খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাজেদ হোসাইন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।
এ ছাড়া অনুষ্ঠানে গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, যামিনীপাড়া ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলমসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকায় মাদক পাচার ঠেকাতে নিয়মিত অভিযান এবং জব্দ করা মাদক ধ্বংসের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন