নাটোরের বড়াইগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই সড়ক দুর্ঘটনায় আরও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিঠুন (২৫)। তিনি নাটোর সদরের হয়বতপুর সৈয়দ মোড় এলাকার অধিবাসী। তবে দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দেশ ট্রাভেলস’-এর একটি এসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ‘তাবাসসুম পরিবহন’-এর অপর একটি বাসের সরাসরি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক ব্যক্তির প্রাণহানি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে ভর্তির ব্যবস্থা করে।
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ঢাকা অভিমুখী দেশ ট্রাভেলসের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসের সাথে বিপরীত মুখ থেকে আসা তাবাসসুম ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একজন মারা যান এবং কমপক্ষে ১২ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন