দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার নারীদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। বিশেষ করে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ বিভিন্ন রোগ দ্রুত শনাক্তকরণ এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা তৈরিতে তাঁরা কাজ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসচ্ছল ও দুস্থ নারী, কর্মজীবী নারী এবং জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া, বিভিন্ন রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করা এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্য পরামর্শও দেবেন তাঁরা।
তিনি বলেন, স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রাথমিক অবস্থায় শনাক্ত করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে নারী শিক্ষার্থী এবং শিক্ষকদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে। মন্ত্রী আরও জানান, জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে ইতোমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য টিকাদান কার্যক্রম চালু করেছে সরকার। নারীদের মধ্যে সচেতনতা তৈরি এবং ক্যানসারের ঝুঁকি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তবে কোনো দেশের অধীনস্থ হয়ে নয়। তাঁর ভাষায়, ‘বহির্বিশ্বে বাংলাদেশের অনেক বন্ধু থাকবে, কিন্তু কোনো প্রভু থাকবে না।’ তিনি আরও বলেন, আয়তনে বাংলাদেশ ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি। দেশের এক ইঞ্চি ভূখণ্ডের ওপরও অন্য কারও আধিপত্য মেনে নেওয়া হবে না। স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যমন্ত্রী ৩০০ জন উপকারভোগীর হাতে সেলাই মেশিন ও ফলজ গাছের চারা তুলে দেন।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন