ভারতে তুলনামূলক কম দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি পাওয়া গেলেও বাংলাদেশে কেন কয়েক গুণ বেশি দামে কিনতে হচ্ছে—এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতিতে কলকাতায় যদি এক হাজার টাকায় গ্যাস পাওয়া যায়, তাহলে বাংলাদেশে কেন আড়াই হাজার টাকা দিয়ে একই পণ্য কিনতে হবে, এর জবাব জ্বালানিমন্ত্রীকেই দিতে হবে।
গত শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সরকারের সার্বিক ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে আখতার হোসেন দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়ী করেন। তিনি দাবি করেন, সরকার গঠনের নয় মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পর দেশে শক্তিশালী মানবাধিকার আইন প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হলেও সরকার এমন দুর্বল আইন করেছে, যাতে ইচ্ছামতো মানবাধিকার লঙ্ঘনের সুযোগ থেকে গেছে। তিনি আরও অভিযোগ করেন, গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ওঠা মানবতাবিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হয়েছে।
সম্প্রতি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর প্রসঙ্গ তুলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান জাতীয় নাগরিক পার্টির এই নেতা। এ ছাড়া বাজেট-পরবর্তী সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি। বিদ্যুৎ ও স্বরাষ্ট্র খাতে অচলাবস্থার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়ী করে অবিলম্বে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেন আখতার হোসেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন