যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব উদ্যাপনের রাতে বিভিন্ন স্থানে একের পর এক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৯৪ জন। ক্যালিফোর্নিয়া থেকে ডেলাওয়্যার পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে নাইট ক্লাব, বিপণিবিতান, স্টেডিয়াম ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে এসব সহিংসতার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ছয়জন বলে জানানো হলেও পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে হতাহতের তথ্য আসতে থাকায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।
ফ্লোরিডার জ্যাকসনভিলে পৃথক দুটি গোলাগুলির ঘটনায় ১৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে হ্যালোইন পার্টিতে প্রবেশের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী এক কিশোরী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। অন্য একটি ঘটনায় শতাধিক মানুষের অংশগ্রহণে আয়োজিত ঘরোয়া পার্টি শেষে লোকজন বাইরে বের হওয়ার সময় বন্দুক হামলায় ১০ জন আহত হন। তাঁদের মধ্যে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। মিসিসিপির জ্যাকসনের একটি নাইট ক্লাবেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। উত্তর ক্যালিফোর্নিয়ার একটি পোশাকের দোকানে গুলিতে চার সন্তানের জননী এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। ওই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদিকে ওকলাহোমা সিটিতে হ্যালোইন পার্টিকে কেন্দ্র করে গোলযোগের খবর পেয়ে পুলিশ একটি ট্রেলার পার্কে পৌঁছালে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি গাড়ির ধাক্কায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।
আলাবামার বার্মিংহামে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের বাইরে গোলাগুলিতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। ওই সময় স্টেডিয়ামে আলাবামা এ অ্যান্ড এম ও আলাবামা স্টেট বিশ্ববিদ্যালয়ের মধ্যকার জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা ‘ম্যাজিক সিটি ক্লাসিক’ অনুষ্ঠিত হচ্ছিল। ইলিনয়ের ব্লুমিংটনে ইলিনয় ওয়েসলিয়ান ইউনিভার্সিটির কাছেও বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে আটজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে ১৯ বছর বয়সী এক তরুণী ঘটনাস্থলেই মারা যান। আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ব্লুমিংটনে ইন্ডিয়ানা ইউনিভার্সিটির ক্যাম্পাসসংলগ্ন এলাকাতেও গোলাগুলির খবর পাওয়া গেছে। হ্যালোইন ও হোমকামিং অনুষ্ঠান উপলক্ষে সেখানে বিপুল মানুষের সমাগম হয়েছিল। এ ঘটনায় গুলিবিদ্ধ সাতজনকে হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। তবে হামলায় তাঁর সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।
টেক্সাসের ডালাস শহরের ডিপ এলাম এলাকায় প্রায় ৭৫ মিনিটের ব্যবধানে তিনটি পৃথক বন্দুক হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় অন্তত চারজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রবিবার এক সংবাদ সম্মেলনে ডালাসের পুলিশ প্রধান ড্যানিয়েল কোমো জানান, হ্যালোইন উপলক্ষে শনিবার রাতে ব্যাপক জনসমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে আগে থেকেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, গুলির শব্দে ডিপ এলাম এলাকার রাস্তায় লোকজন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটাছুটি করছেন। এলাকাটিতে বেশ কয়েকটি পানশালা, রেস্তোরাঁ ও বিনোদনকেন্দ্র রয়েছে। সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সেখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর ডিপ এলাম এলাকায় অন্তত সাতটি বার ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে পরিচালিত কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানও রয়েছে। রবিবার সকাল থেকে পুলিশ ওই এলাকার কিছু অংশ ঘিরে রাখায় রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ডালাসের পুলিশ প্রধান বলেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন