প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্য নিয়ে ঢাকায় এসেছেন চীনের জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা লিউ হাইসিং। তিন দিনের এই সফরে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, শিল্পায়ন ও জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে ঢাকায় পৌঁছান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি তাঁর আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহসহ দলটির কয়েকজন জ্যেষ্ঠ নেতা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স। কূটনৈতিক সূত্রে জানা গেছে, লিউ হাইসিংয়ের এই সফরে মূল গুরুত্ব পাবে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ এবং সহযোগিতা বৃদ্ধি। বিশেষ করে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হতে পারে।
বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। একই দিন রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সহযোগিতা নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেবেন তিনি। এ ছাড়া বাংলাদেশ-চীন রাজনৈতিক ও রাষ্ট্র পরিচালনাবিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। দিনের শুরুতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচিও রয়েছে।
উল্লেখ্য, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দেশটি থেকে ঢাকায় আসা প্রথম জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা লিউ হাইসিং। ওই সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। এর মধ্যে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সহযোগিতা বাড়ানোর সমঝোতাও ছিল। এবারের সফরে সেই সমঝোতা বাস্তবায়ন, নিয়মিত রাজনৈতিক যোগাযোগ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে ঢাকার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে একটি জীবিকাসহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন লিউ হাইসিং। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করবেন তিনি। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার দুপুরেই ঢাকা ছাড়ার কথা রয়েছে চীনের এই জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন