জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সাত ব্যান্ডের অংশগ্রহণে বড় সংগীত আয়োজন। ‘কনসার্ট ফর সলিডারিটি’ শিরোনামের এই অনুষ্ঠানে একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন রকস্টার জেমসসহ দেশের খ্যাতনামা ব্যান্ডশিল্পীরা। আগামী শনিবার (৭ নভেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বসবে এই সংগীত উৎসব। দর্শকদের জন্য কনসার্টটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। ফলে অনুষ্ঠান উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন হবে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কনসার্টে নগরবাউল জেমস ছাড়াও গান পরিবেশন করবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে দর্শকদের জন্য অনুষ্ঠানস্থলের প্রবেশপথ খুলে দেওয়া হবে। আর মূল কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টাব্যাপী এই আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।
কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন জেমস। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে….জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’ অন্যদিকে, কনসার্টে অংশ নেওয়ার কথা জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজও। ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, একই শহরে, একই মঞ্চে সাতটি জনপ্রিয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ঐক্য ও সংহতির চেতনা তুলে ধরা হবে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতের মাধ্যমে ঐক্য, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন উদযাপনের আহ্বান জানিয়েছে তারা।
উল্লেখ্য, গত দুই বছরে দেশে খোলা জায়গায় বড় পরিসরে সংগীতানুষ্ঠানের আয়োজন তুলনামূলকভাবে কম হয়েছে। নিরাপত্তাসংক্রান্ত নানা কারণে বেশ কিছু কনসার্টও বাতিল করতে হয়েছে। এমন প্রেক্ষাপটে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ডকে একই মঞ্চে দেখার সুযোগ সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে। জেমসের জনপ্রিয় গান থেকে শুরু করে ওয়ারফেজ, মাইলস ও আর্টসেলের পরিবেশনা—সব মিলিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংগীতপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দীর্ঘ এক সংগীতসন্ধ্যা।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন