আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণহত্যায় জড়িত ব্যক্তিদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার (৬ নভেম্বর) সকালে চট্টগ্রামের ফটিকছড়ির আল জামিয়াতুল আজিজুল উলুম ইসলামিয়া বাবুনগর মাদ্রাসার বার্ষিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, আলেম ও ইসলামবিদ্বেষী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করতে বাংলাদেশের মানুষের ১৫ বছর সময় লেগেছে। এসব শক্তির আর এ দেশে জায়গা হবে না।
পোশাকশিল্পে চলমান আন্দোলনের পেছনে ফ্যাসিবাদী শক্তির সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, গার্মেন্টস খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পেছনে ফ্যাসিবাদী শক্তি এবং ইসলামের নামে রাজনীতি করা দেশীয় সহযোগীদের ভূমিকা রয়েছে। তিনি বলেন, আন্দোলনের অজুহাতে একটি পক্ষ দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে চায়। তবে গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী আলোচনার ভিত্তিতে তৈরি জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে সংবিধানে ইসলামী মূল্যবোধের সব বিষয় অন্তর্ভুক্ত করা হবে।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আলেমদের অবদানের কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সরকার সব সময় ইসলামের পক্ষে অবস্থান করে। তবে একটি দল ইসলামের নামে রাজনীতি করলেও তাদের দলীয় প্রতীক থেকে ইসলামের চিহ্ন সরিয়ে দিয়েছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন