১৯৮৭ সালের ১০ নভেম্বর। স্বৈরাচারবিরোধী আন্দোলনে উত্তাল রাজধানীর রাজপথ। বুকে ও পিঠে লেখা ছিল—‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে নেমেছিলেন তরুণ নূর হোসেন। সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। তাঁর আত্মত্যাগ আজও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।
শহীদ নূর হোসেনের আত্মত্যাগের স্মরণে আজ মঙ্গলবার ১০ নভেম্বর পালিত হচ্ছে শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায়, বর্তমানে শহীদ নূর হোসেন চত্বরে, পুলিশের গুলিতে নিহত হন তিনি। নূর হোসেনের মৃত্যুর ঘটনা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলে। তাঁর আত্মত্যাগ আন্দোলনকারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথের আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। পরবর্তীতে দিনটি গণতন্ত্র মুক্তি দিবস হিসেবেও পালিত হয়ে আসছে।
ওই দিন নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। তাঁদের আত্মত্যাগের ধারাবাহিকতায় স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। শেষ পর্যন্ত ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে স্বৈরশাসনের অবসান ঘটে। তবে ১০ নভেম্বর দিনটি ভিন্নভাবে পালন করে জাতীয় পার্টি। ১৯৮৬ সালের এই দিনে দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করে জাতীয় পার্টি দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে।
শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আজ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন রাজধানীর গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে। এ ছাড়া বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে বিকেল ৪টায় তোপখানা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় শহীদ নূর হোসেনের আত্মত্যাগ, রাষ্ট্রীয় গুম-খুনের অভিযোগ এবং সংস্কার পরিষদ গঠন না করার বিষয়সহ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হবে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন