গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গাজা সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম ও যানবাহন সরিয়ে নিচ্ছে মার্কিন সেনারা। ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন বিদেশি সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে ইসরায়েলি সরকার। একই সময়ে পাঁচ দিন আটক থাকার পর মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহ।
সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার গাজায় বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে প্রাথমিক সম্মতি দিয়েছে। প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। কাজাখস্তান চিকিৎসা ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সহায়তা করতে চায়। অন্যদিকে, নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে কসোভো।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে এই বহুজাতিক বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিকল্পনা সামনে আসার কয়েক মাস পেরিয়ে গেলেও ইসরায়েলের আপত্তির কারণে বাহিনীটি এখনো গাজায় প্রবেশ করতে পারেনি। ওয়ালার প্রতিবেদনে আরও বলা হয়, গাজা সীমান্তের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন স্থাপনায় পরিণত করা হয়েছে। সেখানে ট্রাক, সাঁজোয়া কর্মীবাহী যান, চিকিৎসা ও উদ্ধারযানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম নেওয়া হয়েছে। ঘাঁটির নিরাপত্তা জোরদারে পাহারার টাওয়ার, নজরদারি ব্যবস্থা, আলোর সরঞ্জাম এবং শক্তিশালী বেষ্টনী স্থাপন করা হয়েছে। সশস্ত্র মার্কিন সেনারা সেখানে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
গত দুই সপ্তাহে সীমান্ত এলাকায় মার্কিন সেনাদের সঙ্গে বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও দেখা গেছে। এসব তৎপরতা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর গাজার ভেতরে প্রবেশের প্রস্তুতির অংশ বলে ধারণা করা হচ্ছে। এদিকে, অভিযোগ ছাড়াই পাঁচ দিন আটক রাখার পর ফিলিস্তিনি সাংবাদিক আবেদ আবু শাদেহকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গত মঙ্গলবার বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। মুক্তির পর শাদেহ বলেন, তাকে আটকের ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে শুধু তাকে নয়, পুরো আরব সমাজকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তবে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মানবাধিকার সংগঠন আদালাহর দাবি, ইসরায়েলের আরব ভোটারদের সমর্থনে বিদেশি উৎস থেকে অর্থ গ্রহণের সন্দেহে শাদেহকে আটক করা হয়েছিল। তবে তার আইনজীবী হাদিল আবু সালিহ অভিযোগ করেন, আটকের শুরু থেকেই পুলিশের কাছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। ফিলিস্তিনি পরিচয় ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনার কারণেই তার বক্তব্যকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। গত ৩ নভেম্বর রাতে জাফায় শাদেহর বাড়িতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য। এ সময় দুই সন্তানের সামনে তাকে আটক করা হয়। পাশাপাশি তার মুঠোফোন, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি ও বইপত্র জব্দ করা হয়।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন