কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই ব্যক্তির বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও হুমকিসংবলিত চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে তাঁদের নাম উল্লেখ করে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে পছন্দের খাবার খেয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের বাসিন্দা ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনিরুলের (৪২) বাড়িতে এসব সামগ্রী পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক।
পরিবারের সদস্যদের ভাষ্য, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তিরা বাড়ি দুটিতে এসব জিনিস রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে তাঁরা বাড়ির ভেতরে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান। বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’ অন্যদিকে, মনিরুলের বাড়িতে রেখে যাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট পাওয়ার পর থেকে দুই পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মনিরুল জানান, সকালে রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান তাঁরা। কারা এসব রেখে গেছে, তা তাঁর জানা নেই। বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা থাকলেও আপাতত বিস্তারিত বলতে চাননি তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানান মনিরুল। এ সময় বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে থানায় ছিলেন। ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছিল এবং তাঁরা তা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন