আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন অর্জন যুক্ত হলো বাংলাদেশের ঝুলিতে। ভারতের ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার আরও ১৪টি নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেবে ছবিটি। আগামী ১১ ডিসেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আসরে মূল প্রতিযোগিতার বিজয়ী চলচ্চিত্রের জন্য নির্ধারিত রয়েছে ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার। সিনেমাটি উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, কবি জীবনানন্দ দাশের মতো তাঁর ‘বনলতা সেন’ও হয়তো কখনো যথাযথ স্বীকৃতি ও প্রশংসা পাবে না—এমন ধারণা প্রায় করেই নিয়েছিলেন তিনি। এ কারণে চলচ্চিত্র উৎসব নিয়ে খুব একটা ভাবতেন না বলেও জানান নির্মাতা।
পরে তিনি লেখেন, ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়ার মধ্য দিয়ে ‘বনলতা সেন’ তার আন্তর্জাতিক যাত্রা শুরু করেছে। বিষয়টিকে অদ্ভুত পরিহাস হিসেবে উল্লেখ করে উজ্জ্বল বলেন, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে হয়তো এই পরিহাস বুঝতে পারতেন। এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘বনলতা সেন’-এর পাশাপাশি রয়েছে ভারতের প্রখ্যাত নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’।প্রতিযোগিতায় আরও অংশ নিচ্ছে ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি পুরস্কার পাওয়া ব্রাজিলের নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’। রয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্লাম্বার’।
কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা ‘বনলতা সেন’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। এতে কবির জীবন ও ব্যক্তিগত নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবিতে বনলতা সেনের নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। আর জীবনানন্দ দাশের চরিত্রে দেখা যাবে খায়রুল বাসারকে। এ ছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি। কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘বনলতা সেন’-এর জায়গা করে নেওয়া বাংলাদেশের চলচ্চিত্রের জন্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন। জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবনকে কেন্দ্র করে নির্মিত ছবিটি এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের পরিচিতি তুলে ধরার সুযোগ পাচ্ছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন