ঢাকা | |
সংবাদ শিরোনাম :

চাঁদে আলু চাষে সাফল্য

চাঁদে গিয়ে আর শুধু পৃথিবী থেকে খাবার নিয়ে বেঁচে থাকতে হবে না মহাকাশচারীদের! কারণ চাঁদের মাটিতেই আলু চাষ
  • আপলোড সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২৪ নভেম্বর ২০২৬, দুপুর ১০:৬ সময়
চাঁদে আলু চাষে সাফল্য

চাঁদে গিয়ে আর শুধু পৃথিবী থেকে খাবার নিয়ে বেঁচে থাকতে হবে না মহাকাশচারীদের! কারণ চাঁদের মাটিতেই আলু চাষ করে সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। তবে চমক এখানেই শেষ নয়—চাঁদের মাটিতে সামান্য কেঁচো সার মিশিয়েই মিলেছে আশাব্যঞ্জক ফলন। এই গবেষণা সফল হলে ভবিষ্যতে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাসের পথ অনেকটাই সহজ হতে পারে।


মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় গবেষণাটি পরিচালনা করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ সাময়িকীতে। গবেষণায় চাঁদ থেকে আনা পাঁচ ধরনের মাটিতে ‘মোডক’ প্রজাতির আলু চাষ করা হয়। লালচে খোসা ও সাদা শাঁসের এই আলু দ্রুত বড় হয়। তবে চাঁদের মাটিতে চাষ করা মোটেও সহজ ছিল না।


চাঁদের পৃষ্ঠের মাটি মূলত পাথরকুচি ও ধুলোর মিশ্রণ, যার নাম রেগোলিথ। পৃথিবীর মাটির মতো এতে জৈব পদার্থ ও নাইট্রোজেন নেই। বরং তামাসহ বিভিন্ন ভারী ধাতু রয়েছে, যা গাছের জন্য ক্ষতিকর। ফলে শুধু চাঁদের মাটিতে আলুর শিকড় গজায়নি। এই সমস্যা কাটাতে গবেষকেরা মাটির সঙ্গে মেশান কেঁচো সার। দেখা যায়, মাত্র ৫ শতাংশ কেঁচো সার মেশালেই আলুর শিকড় গজাতে শুরু করে। আর ৩০ শতাংশ সার মেশানোর পর ফলন পাওয়া যায় পৃথিবীর মাটির মতো।


তবে পরীক্ষায় উৎপন্ন আলুগুলো আকারে ছোট ছিল। গ্রিনহাউজে ছোট টবে চাষ করায় প্রতিটি আলুর ওজন হয়েছে ১০ গ্রামেরও কম। বিজ্ঞানীরা এখনো সেগুলো খেয়ে দেখেননি। পরীক্ষাগারে বিশ্লেষণের পর জানানো হয়েছে, আলুগুলো খাওয়ার জন্য নিরাপদ এবং পুষ্টিগুণও অটুট রয়েছে। যদিও কয়েকটি নমুনায় সামান্য ভারী ধাতু পাওয়া যাওয়ায় আরও পরীক্ষা প্রয়োজন।


চাঁদে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও চীন। নাসা ২০২৮ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়েছে। আর চীনের লক্ষ্য ২০৩০ সালের আগে। সেখানে দীর্ঘদিন থাকতে হলে খাবার উৎপাদনের ব্যবস্থা করতেই হবে। কারণ পৃথিবী থেকে প্রয়োজনীয় সব খাবার বয়ে নেওয়া অত্যন্ত কঠিন। আলু এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। এতে প্রচুর ক্যালোরির পাশাপাশি পটাশিয়াম, ভিটামিন সি, প্রোটিন ও আঁশ রয়েছে। পেটও দীর্ঘক্ষণ ভরা রাখে।


শুধু আলু নয়, চাঁদের মাটিতে ছোলা, টম্যাটো, লেটুস ও আলফালফা চাষ নিয়েও গবেষণা চলছে। বিজ্ঞানীদের আশা, এই প্রযুক্তি ভবিষ্যতে চাঁদে খাবার উৎপাদনের পাশাপাশি পৃথিবীর মরুভূমি ও অনুর্বর জমিতেও কৃষিকাজে নতুন সম্ভাবনা তৈরি করবে। অর্থাৎ, একদিন হয়তো চাঁদে মানুষের খাবারের তালিকায় পৃথিবী থেকে পাঠানো খাবারের পাশাপাশি থাকবে চাঁদের মাটিতে উৎপাদিত আলুও।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি

নবম পে-স্কেলের অর্থের হিসাবে ‘বড় ভুল’, নতুন করে হিসাব করছে মাউশি