সোনার বাজারে হঠাৎ বড় ধাক্কা! একদিনেই বিশ্ববাজারে মূল্যবান এই ধাতুর দাম ২ শতাংশের বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। আর এই পতনের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে সামনে এসেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর আশঙ্কা।
বুধবার রাতে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮৩ ডলার ৫৯ সেন্টে। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সোনার সর্বনিম্ন দর। বাজারে সোনার ওপর চাপ তৈরির অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য। দেশটিতে অক্টোবরে ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক, অর্থাৎ পিসিই, ০ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এর আগের মাস সেপ্টেম্বরে এই সূচক বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।
মূল্যস্ফীতি এখনো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। ফলে সামনে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার বাড়লে সাধারণত সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যায়। কারণ সোনা ধরে রাখলে কোনো সুদ পাওয়া যায় না। বিপরীতে সুদযুক্ত বিভিন্ন সম্পদে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা অতিরিক্ত আয় করতে পারেন। ফলে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে অনেক বিনিয়োগকারী সোনা থেকে অর্থ সরিয়ে অন্য সম্পদের দিকে ঝুঁকতে পারেন।
ধাতব পণ্যবিষয়ক বাজার বিশ্লেষক ডেভিড মেগারের মতে, মূল্যস্ফীতির চাপ এখনো ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার তুলনায় অনেক বেশি। সর্বশেষ পিসিই মূল্যস্ফীতির তথ্যও সেই উদ্বেগ কমাতে পারেনি। বরং সামনে সুদের হার বাড়ানোর সম্ভাবনা সোনার দামের ওপর আরও চাপ তৈরি করছে। অর্থাৎ, একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা, অন্যদিকে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়তে পারে—এই দুই আশঙ্কাই এখন সোনার বাজারকে চাপে ফেলেছে। আর এরই প্রভাবে এক বছরেরও বেশি সময় পর বিশ্ববাজারে সোনার দাম নেমে গেল ৩ হাজার ৪৮৪ ডলারের কাছাকাছি। ফলে আগামী দিনে ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে যেকোনো নতুন সিদ্ধান্ত বা ইঙ্গিত সোনার বাজারে আরও বড় প্রভাব ফেলতে পারে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন