ডিসেম্বর ঘিরে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুধু সীমান্ত বা গুরুত্বপূর্ণ স্থাপনায় নয়, এবার পুলিশের ভেতরেও সন্দেহভাজন সদস্যদের ওপর বাড়ানো হয়েছে নজরদারি। এরই মধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তার বা আটকের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি মিডিয়া কামারুম মুনিরা সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না এবং এ ধরনের কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
চার কর্মকর্তার মধ্যে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। এ ছাড়া স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোপালগঞ্জের সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর একদিন পর, ২৫ নভেম্বর আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। তারা হলেন পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদ পিবিআইয়ে কর্মরত ছিলেন এবং তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয় এবং একটি নিয়মিত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ডিসেম্বরজুড়ে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা এবং পুলিশ সদস্যদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। পাশাপাশি বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও নজরদারির আওতায় রাখা হয়েছে। ফলে ডিসেম্বরকে ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে এবার বাইরের হুমকির পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ নিরাপত্তাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন