জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো, মুসল্লিদের ওপর হামলা, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন। তিনি জানান, আসামিপক্ষের আইনজীবীরা রুহুল আমিনের জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে সেই আবেদনের বিরোধিতা করা হয়। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর সামনেই মামলার অভিযোগে উল্লেখিত ঘটনা ঘটেছিল বলেও জানিয়েছেন। এ ছাড়া তদন্তসংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন তিনি। এসব তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। গত ১৮ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকের একটি বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ নভেম্বর আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজ পড়তে বায়তুল মোকাররম মসজিদে যান প্রবাসফেরত এক ব্যবসায়ী। নামাজের আগে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ইমাম মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিনসহ কয়েকজন মসজিদে প্রবেশ করে তাঁকে মিম্বর থেকে টেনেহিঁচড়ে নামিয়ে আনেন এবং তাঁর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, এ ঘটনায় বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি রড দিয়ে এক মুসল্লির ডান চোখে আঘাত করেন। এতে তাঁর চোখ গুরুতরভাবে আহত হয়। পাশাপাশি অন্য আসামিদের হামলায় ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ওই মুসল্লির পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে যান এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি করেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় প্রবাসী হাফেজ মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন। এতে রুহুল আমিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যাচেষ্টা, চুরি ও ভাঙচুরসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে। মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার পর তিনি আলোচনায় আসেন। এ ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন