চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন ২০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল (আরএসএইচ) চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সময়ে দেশের আরও চারটি বিশেষায়িত শিশু হাসপাতাল উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এবং সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পর হাসপাতালটি চালু হলে রংপুর বিভাগের শিশুদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। রংপুর নগরীতে প্রথমে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হয়েছিল। পরবর্তী সময়ে সেটিকে ২০০ শয্যায় উন্নীত করার কাজ হাতে নেওয়া হয়। বর্তমানে উন্নয়নকাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে উপপরিচালক পদে একজন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে। তিনি অল্প সময়ের মধ্যেই দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া নার্স নিয়োগের কাজ শেষ হয়েছে। সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার নিয়োগের প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হাসপাতাল পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে নতুন পদ সৃষ্টির কাজও শেষ হয়েছে। উদ্বোধনের প্রস্তুতি পর্যালোচনায় গত ১ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট অনুবিভাগ) আরিফ আহমদ হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের ভবন, প্রবেশপথ, অক্সিজেন প্ল্যান্টসহ বিভিন্ন অবকাঠামো ও সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করেন। ডিসেম্বরে রংপুরসহ দেশের পাঁচটি শিশু হাসপাতাল চালুর লক্ষ্যে চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র কেনা এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। অন্য চারটি ২০০ শয্যার হাসপাতাল খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় স্থাপন করা হয়েছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য উপপরিচালক ডা. মো. ওয়াজেদ আলী বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী দেশের পাঁচটি শিশু হাসপাতালের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। তিনতলা মূল হাসপাতাল ভবনের প্রতিটি তলার আয়তন ২০ হাজার ৮৮২ দশমিক ৯৭ বর্গফুট। পাশাপাশি চারতলা ভিত্তির ওপর তিনতলা বিশিষ্ট সুপারিনটেনডেন্টের আবাসিক ভবনও নির্মাণ করা হয়েছে। ২০০ শয্যার এই হাসপাতালে শিশুদের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থা থাকবে। মূল ভবনের প্রথম তলায় জরুরি বিভাগ, বহির্বিভাগ, চিকিৎসকদের কক্ষ ও পরীক্ষাগার রাখা হয়েছে। দ্বিতীয় তলায় থাকবে অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট। আর তৃতীয় তলায় শিশু রোগীদের জন্য ওয়ার্ড ও কেবিনের ব্যবস্থা রাখা হয়েছে। এসব বিভাগে শিশুদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ জানান, হাসপাতালের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র ইতোমধ্যে পৌঁছেছে। কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়াও চলমান রয়েছে। তিনি আরও জানান, অন্যান্য বিভাগ থেকে অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান তিনতলা হাসপাতাল ভবনটি ছয়তলা পর্যন্ত সম্প্রসারণের কাজও শুরু হওয়ার কথা রয়েছে।
রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, আরএসএইচের জন্য নতুন উপপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। কিছু চিকিৎসা সরঞ্জাম ইতোমধ্যে হাসপাতালে পৌঁছেছে এবং আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টদের আশা, আধুনিক চিকিৎসা সুবিধাসম্পন্ন হাসপাতালটি চালু হলে স্বল্প খরচে শিশুদের উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। পাশাপাশি জটিল অস্ত্রোপচারসহ বিশেষায়িত চিকিৎসার সুযোগও বাড়বে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন