ঝালকাঠিতে সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ বিস্ফোরণের নিখোঁজ চারজনকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দগ্ধ চার কর্মচারীকে গতরাতেই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এদিকে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত জাহাজে মজুত করা প্রায় ১১ লাখ লিটার জ্বালানি তেল থেকে প্রায় ৪ লাখ লিটার তেল ‘ওটি মৃদুলা’ নামের অপর একটি জাহাজে অপসারণ করা হয়েছে।
নিখোঁজ চারজন হলেন জাহাজের সুপারভাইজার চাঁদপুরের মাসুদুর রহমান (৪৮), চালক চাঁদপুরের রুহুল আমিন (৫৫), কর্মী হবিগঞ্জের মাদবপুর উপজেলার সমুজদিপুর গ্রামের আবদুস সালাম ওরফে হৃদয় (২৬) ও পিরোজপুরের মঠবাড়িয়ার উদয়তারা বুড়িরচর গ্রামের আকরাম হোসেন (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠির পৌর এলাকার সুগন্ধা নদীতে শনিবার (১ জুলাই) দুপুর ২টা ১০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয় তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২। সাত লাখ লিটার পেট্রোল ও চার লাখ লিটার ডিজেল খালাস করতে তিনদিন আগে ঝালকাঠি পদ্মা অয়েল কোম্পানিতে আসে এই জাহাজটি। ঘটনার সময় নদীর ওপারে নোঙর করা ছিল জাহাজ সাগর নন্দিনী-২। পেছনের দিকে ইঞ্জিনরুমে বিস্ফোরণে পর জাহাজের ওপরের অংশ ছিটকে পড়ে যায়।
জাহাজটিতে ফাটল ধরায় এবং আস্তে আস্তে ডুবতে থাকায় জাহাজের তেল এখন ছড়িয়ে পড়ছে সুগন্ধা নদীতে। একদিকে জীব বৈচিত্র্য অপরদিকে নদীতে তেল ভেসে আগুন লাগারও শঙ্কা তৈরি হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত জাহাজটিতে উদ্ধারে কোন ব্যবস্থা হয়নি।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন