কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বাংলা লেখা পড়ে শোনাবে কম্পিউটার। এমনই এক উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করে বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিবিষয়ক ‘এআই ফর বাংলা ২.০’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয় শাবিপ্রবির এই দলটি। প্রতিযোগিতায় রানার্স-আপ হয় শাবিপ্রবির আরেকটি দল ‘টিম রুদ্ধস্বরের সুবাক্য’। এ ছাড়া বিশেষ সম্মানীয় পুরস্কার অর্জন করে শাবিপ্রবিরই ‘সাইন সাস্ট দলের রিয়েল টাইম সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনেশন ইউজিং অ্যাকশন রিকগনেশন’।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষাকে সমৃদ্ধ করা এবং গবেষণায় উৎসাহ দিতে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গত ১২ জুন ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে চূড়ান্ত ফলাফল ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয়।
শাবিপ্রবির দল প্রতিযোগিতায় সাস্ট-১৯৫২ লেখা থেকে কথায় রূপান্তর করার ‘বাংলা নিউরাল টেক্সট টু স্পিস’ কম্পিউটার প্রোগ্রাম পুরস্কার পায়। পুরস্কার হিসেবে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সনদ পেয়েছে চ্যাম্পিয়ন দল। এই দলের সদস্যরা হলেন রাজন সাহা, আরিফ আহমেদ ও মোহাম্মদ শহিদুর রহমান। আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই পুরস্কার প্রদান করেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ও প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে বলা হয়, বাংলা ভাষাভিত্তিক এআই প্রযুক্তি তৈরি ও বাংলা এনএলপি (ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং) গবেষণায় উৎসাহ দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় তরুণ গবেষক ও প্রোগ্রামারদের কাছে বাংলা ভাষাভিত্তিক ডেটাসেট, মডেল কিংবা ওয়ার্কিং-প্রটোটাইপ আহ্বান করা হয়েছিল।
প্রতিযোগিতায় জমা পড়া ৬০টি উদ্ভাবনী ধারণার মধ্য থেকে তিন ধাপে শীর্ষ আটটি প্রস্তাব বা ধারণা স্থান পায়। সাস্ট ১৯৫২ ছাড়াও আরও সাতটি দল পুরস্কার পেয়েছে। সেগুলো হলো টিম রুদ্ধস্বরের সুবাক্য, ভাষা দলের বাংলানেট, পারপিচুয়াল লার্নার্স দলের মাল্টি-ভিউ বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ ডেটাসেট অ্যান্ড কন্টিনিউস বিএসএল রিকগনেশন মডেল, শব্দকল্পদ্রুমের সাইনবিডি ওয়ার্ড, সাইন সাস্ট দলের রিয়েল টাইম সাইন ল্যাঙ্গুয়েজ রিকগনেশন ইউজিং অ্যাকশন রিকগনেশন, সাইলেন্ট সেন্টিনেলস দলের ফ্রম জেশ্চার টু ওয়ার্ডস এবং বাংলা এআই দলের বাংলাকোয়াড।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন