প্রায় দুই বছর বিরতির পর বড় পর্দায় ফিরেছেন রজনীকান্ত। বৃহস্পতিবার (১০ আগস্ট) ১৬৯তম সিনেমা ‘জেলার’ মুক্তি পেয়েছে ভারতের এ দক্ষিণী সুপারস্টারের। বিশ্বজুড়ে ৪ হাজার স্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
মুক্তির প্রথম দিন থেকেই ভারতের প্রতিটি সিনেমা হলের সামনে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়। পেক্ষাগ্রহের সামনে চলছে উৎসব। রজনীকান্ত ফ্যানরা নেচেগেয়ে মাতাচ্ছে চারদিক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সকাল ৯টার শো দেখার জন্য ভোর ৫টা থেকে লাইন শুরু হয়েছে।
২০০ কোটি রুপির বাজেটে ‘জেলার’ সিনেমাটি নির্মাণ করেছেন নেলসন দীলিপ কুমার। সিনেমায় রজনীকান্তর বিপরীতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ৪০ বছর। অ্যাকশন ঘরানার এই সিনেমায় আরও আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, রাম্য কৃষ্ণান, যোগী বাবু প্রমুখ। এ ছাড়া মালায়লাম তারকা মোহনলালকে দেখা যাবে অতিথি চরিত্রে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।
জানা গেছে, মুক্তির আগেই একেকটা রেকর্ড গড়ছে রজনীকান্তের নতুন এ সিনেমা। ২০২৩ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমার প্রি-বুকিংয়ের সব রেকর্ড এরই মধ্যে ভেঙেছে জেলার। সিনেমা বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনেই তামিলনাড়ুতে জেলারের আয় ২০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। এছাড়া সমগ্র ভারতে এর আয় ৪০ কোটি রুপি ছাড়াবে।
শ্রীধর পিল্লাই নামের একজন ফিল্ম ট্র্যাকার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ১০ লাখ ডলারের প্রি-টিকিট বিক্রি হয়েছে। নিকট অতীতে ভারতীয় সিনেমার ক্ষেত্রে এমন ঘটনা আর ঘটেনি।
নতুন ছবি মুক্তির আগে হিমালয়ে যান রজনীকান্ত। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেখান থেকেই তিনি তাঁর ভক্ত ও দর্শকদেরকে জেলার দেখার আহ্বান জানিয়েছেন।
ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাপানের ওসাকা থেকে এক দম্পতি সম্প্রতি ভারতে এসেছেন কেবল জেলার মুক্তির প্রথম দিনের প্রথম শো দেখবেন বলে। আসার সময় প্রিয় অভিনেতার জন্য সঙ্গে নিয়ে এসেছেন উপহার। একটি জাপানি শাল ও পাখা।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন