বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আজ (১৩ মে, ২০২৫) এই বিলম্ব মার্জনার আদেশ দেন।
আদালতে জুবাইদা রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার কায়সার কামাল। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০২৩ সালের ২ আগস্ট ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান এই মামলায় রায় দেন। রায়ে তারেক রহমানকে ৯ বছর কারাদণ্ড এবং তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমান হাইকোর্টে আপিল করেন, তবে আপিল করতে ৫৮৭ দিন বিলম্ব হয়। আজ হাইকোর্ট সেই বিলম্ব মার্জনা করেন। এর ফলে জুবাইদা রহমানের আপিল শুনানির পথ উন্মুক্ত হলো।
উল্লেখ্য, এই মামলায় জুবাইদা রহমানের সাজা ১ বছরের জন্য স্থগিত করে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
আইনজীবীরা মনে করছেন, এই বিলম্ব মার্জনা জুবাইদা রহমানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আপিলের ওপর ভিত্তি করে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন