ঢাকা, ১৯ মে ২০২৫: আবহাওয়া অধিদপ্তর আজ (সোমবার) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা এবং এর কাছাকাছি অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে, সোমবার সারাদেশের সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।
অন্যদিকে, গতকাল রবিবার ঈশ্বরদীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্টাফ রির্পোটার
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন