আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের প্রতিটি আসনের মতো নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনেও শুরু হয়ে গেছে নির্বাচনী তোড়জোড়। ভিভিআইপি আসন হিসেবে পরিচিত এ এলাকায় রাজনৈতিক বিশ্লেষণ, সম্ভাব্য প্রার্থীদের নাম, এবং মনোনয়ন নিয়ে নানা জল্পনা-কল্পনার পাশাপাশি সবচেয়ে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। বিশেষ করে নারী ভোটারদের মাঝে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।
রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এই আসনে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার এবং নারী ভোটার ১ লাখ ৯৯ হাজার।
যদিও ভোটারের হিসেবে পুরুষ কিছুটা বেশি, তবে বিগত নির্বাচনের অভিজ্ঞতায় দেখা গেছে, নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি এবং সক্রিয়। সেই দিক বিবেচনায়, নারীদের সমর্থনপ্রাপ্ত প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
একটি বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী, রূপগঞ্জের প্রায় ৭০ শতাংশ নারী ভোটার দিপু ভূইয়ার প্রতি সমর্থন জানিয়েছেন। এই সমর্থনের পেছনে রয়েছে তার হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব, ভালো কর্মকাণ্ড এবং মানুষের প্রতি আন্তরিক ব্যবহার।
জরিপে আরও উল্লেখ করা হয়েছে, রূপগঞ্জে বসবাসকারী প্রায় ১১ হাজার হিন্দু নারী ভোটারের মধ্যেও দিপু ভূইয়ার প্রতি রয়েছে স্পষ্ট সমর্থন।
গত দুই দিনে রূপগঞ্জের ভোলাব, কাঞ্চন, ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় ঘুরে অন্তত ১৫০ জন নারী ভোটারের সঙ্গে কথা হলে ১২৫ জন নারী দিপু ভূইয়াকে ভোট দিতে চান। অনেকেই বলেছেন, দিপু ভূইয়ার ব্যবহারে তারা মুগ্ধ। তার কথা বলার ভঙ্গি, মুরুব্বীদের সম্মান দেওয়া এবং দুঃখ-কষ্ট মন দিয়ে শোনার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে।
চঞ্চলা রাণী দাস বলেন, ‘দিপু ভূইয়া একজন সোনার মানুষ। জীবনে অনেক ব্যাটারে ভোট দিছি। এইবার এই সোনার মানুষটারে ভোট দিবার চাই। কতো সুন্দর কইরা আতে (হাতে) ধইরা মা-মা কইরা কতা কয়।’
৬০ বছর বয়সী চন্দ্রবান বলেন, ‘বাবারে জানিনা কবে মইরা যাই।
তয় মরণের আগে একটা শেষ ভোট দিবার চাই। কয়েক বছরতো ভোট দিবার পারি নাই। শেষ ভোটটা দিপু বাবারে দিমু। মানুষটা অনেক ভালা।’
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘দিপু ভূইয়ার বিকল্প কেবল দিপু ভূইয়া নিজেই। রূপগঞ্জের রাজনীতির ইতিহাসে নারীদের নিয়ে ব্যতিক্রমি নারী সমাবেশ করা এটা কেবল দিপু ভূইয়া করিয়ে দেখালো। তিনি যেনো হ্যামিলনের বাঁশিওয়ালা। তার কথার যাদুতে হাজার হাজার নারী প্রতিটা নারী সমাবেশে যোগ দিচ্ছে।’
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপলু ভূঁইয়া বলেন, ‘গত কয়েকমাসে গোলাকান্দাইল ইউনিয়নে ২ টি, ভোলাব ইউনিয়নে ২ টি, কাঞ্চন পৌরসভা, তারাব পৌরসভা ও ভুলতা ইউনিয়নে নারী সমাবেশ করা হয়েছে। এখানে নারীদের দুঃখ-কষ্ট শোনা হয়। পরে দিপু ভাই চেষ্টা করেন এসব সমস্যা সমাধান করার জন্য। আগামী কয়েকদিনের মধ্যে কায়েতপাড়া ইউনিয়ন, দাউদপুর ইউনিয়ন, মুড়াপাড়া ইউনিয়ন ও রূপগঞ্জ সদর ইউনিয়নেও নারী সমাবেশ করা হবে।’
কাঞ্চন পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা তানজিলা শিল্পী বলেন, ‘এ পর্যন্ত ৭ টি নারী সমাবেশ হয়েছে। সবগুলোতে নারীদের ঢল নেমেছে। দিপু ভাইয়ের কথা শুনে এলাকার মা-বোনেরা লাইন ধরে চলে আসেন তাদের দুঃখ-কষ্টের কথা বলতে। খুব কাছ থেকে তারা তাদের না বলা কথাগুলো বলতে পেরে খুশি হন। দিপু ভাই ধৈর্য্য ধরে শুনে এর উত্তর ও সমাধান দেন। বলতে হবে এটা ইতিহাস। এমনভাবে নারীদের নিয়ে সভা করতে আমি প্রথম দেখলাম।’
মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া আপোষহীন নেত্রী। একজন মহয়সী নারী। আমি যতোদিন বাঁচবো ততোদিন আমার রূপগঞ্জের মা-বোনদের পাশে থাকবো। তাদের বিপদে-আপদে পাশে দাঁড়াবো। আল্লাহ যদি সহায় হন আর দল যদি মনোনয়ন দেন তাহলে আমি রূপগঞ্জের মা-বোনদের জন্য কর্মব্যবস্থা, স্বাস্থ্য সুরক্ষা, বিধাবা-বয়স্ক ভাতাসহ বিভিন্ন বিষয়গুলো গুরুত্ব নিয়ে দেখবো। বিশেষ করে আমার রূপগঞ্জের মা-বোনেরা গ্যাস নিয়ে কষ্টে আছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গ্যাস বৈধ করে দিবো।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন